
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে ‘ফাইভ জিরো’ বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের এরিয়া ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্নিজ ফাতেমা শেফা। এছাড়া খ্রিস্টান, ইসলাম ও হিন্দু ধর্মীয় নেতাসহ ইয়ুথ ফোরামের সদস্য, সচেতন নাগরিক এবং অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ, সহায়তাকারী, সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ।
সভায় উপজেলাকে ‘ফাইভ জিরো প্লাস’ কর্মসূচির আওতায় শূন্য ক্ষুধা, শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম, শূন্য স্কুল ড্রপআউট, শূন্য অপুষ্টি এবং শূন্য প্লাস্টিক বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতে কী ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
সভায় বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে বিদ্যমান আইন, এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের ভূমিকা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক অংশগ্রহণকারীর কাছ থেকে শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল ড্রপআউট বাস্তবায়নের অঙ্গীকারনামায় স্বাক্ষর গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন কুমার চৌকিদার।
Reporter Name 






















