মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মসজিদটির কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। এ সময় তিনি মসজিদ নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে ৬ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
শুক্রবার দুপুরে গোলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান বাবলু বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এ ধরনের ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মসজিদ নির্মাণ একটি মহৎ কাজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যার যার সামর্থ্য অনুযায়ী এ কাজে সহযোগিতা করা উচিত। গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি ৬ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতেও সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন মোল্লা জানান, আধুনিক নকশায় গোলাবাড়ী জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৬১ ফুট। নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাণকাজে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয়রা আশা করছেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা সুন্দর ও উন্নত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ পাবেন। পাশাপাশি মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনাতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান, কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাইজুর রহমান মিলটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















