
জনবান্ধব ও দালালমুক্ত থানা গড়ার প্রত্যয়, অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান মনির
গোয়াইনঘাট থানাকে জনবান্ধব ও দালালমুক্ত থানায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবাগত ওসি বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ নির্মূলে উভয়ের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব, সেবামুখী ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন।
মতবিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং গোয়াইনঘাট থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















