বাদশা সেকেন্দার ভুট্টো, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। নিরাপদ ও সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা স্টেডিয়ামে এ টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মো. আনারুল ইসলাম।
কর্মসূচির আওতায় জলঢাকা উপজেলার সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। এর মাধ্যমে এসব পরিবারের জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
টিউবওয়েল পাওয়া এক সুবিধাবঞ্চিত ব্যক্তি বলেন, “কত বড় উপকার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি দোয়া করি, আল্লাহ পাক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনকে আমার মতো লাখো মানুষের উপকার ও সাহায্য করার তাওফিক দিন।”
উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং ‘মেহমানখানা’ কার্যক্রম।
Reporter Name 






















