সঞ্জয় শীল | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন মেয়র প্রার্থী মাসুদ রানা।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তিনি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১৩টি প্রজেক্টর স্থাপন করেন, যাতে যুব সমাজ একসঙ্গে খেলা উপভোগ করতে পারে এবং তাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে যুব সমাজকে বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি নৌকা ভ্রমণের ব্যবস্থাও করেন বলে জানা গেছে।
মেয়র প্রার্থী মাসুদ রানা বলেন, “শুধু কথায় নয়, কাজে এগিয়ে যেতে হবে। আমাদের যুব সমাজ দিন দিন মাদকের দিকে ঝুঁকছে, তাদের রক্ষা করতে হবে। পড়াশোনা, খেলাধুলা ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, অন্যরাও এগিয়ে এলে সমাজে পরিবর্তন আসবে।”
স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক হবে।
Reporter Name 

























