
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জামা দেওয়া হয়েছে। এদিকে কার্যনির্বাহী সদস্য পদে রাকিবুল হাসান জসিমের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত ৩৭ জন প্রার্থী
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয় ও আশপাশের এলাকা।
মনোনয়নপত্র জমাকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন হাজী মো খসরুল আলম। অন্যান্যদের মধ্যে জমা দেন সিনিয়র সহসভাপতি হাজী আব্দুস সামাদ মুন্সী, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, এনামুল হক এনাম ও মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, মো. জালাল উদ্দিন ও জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রচার সম্পাদক পদে রাজু আহমেদ, অর্থ সম্পাদক পদে মো. নাসির মিয়া ও আল ফারুক এবং কার্যকরী সদস্য পদে রাকিবুল হাসান জসিম, মো. আফলাকুল ইসলাম, সারোয়ার আহমেদ সবুজ,শেখ আলী মোস্তফা।
মনোনয়নপত্র জমা
কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. সবুজ আলম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও বিআরটি চেয়ারম্যান নাসির উজ্জ্বল, শামসুদ্দিনসহ বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী নেতারা।
নির্বাচন কমিশনার জুনাব আলী জানান,আজ (১২ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় হাজী মো খসরুল আলম প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপের তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে সংগঠনের নতুন নেতৃত্ব।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। কয়লা ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে-এমন প্রত্যাশা প্রার্থী, ভোটার ও ব্যবসায়ী নেতাদের। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠছে।
Reporter Name 
























