কলকাতার বরানগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বরানগরের মল্লিক কলোনির কাছে বি টি রোডে একটি লরি স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই শিশু ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন তাদের বাবা।
মৃত দুই শিশুর বয়স সাত ও পাঁচ বছর। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর আহত বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার বিধায়ক সজল ঘোষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ওপর নির্মাণকাজের জন্য প্রোমোটারদের রাখা পাথরের কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, ওই এলাকায় রাখা সিগন্যালটিও গাছের আড়ালে থাকায় অনেক গাড়িচালক তা দেখতে পান না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে রাস্তার ওপর নির্মাণসামগ্রী বা অন্য কোনো বাধা রেখে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
স্থানীয়রা পথচারী, স্কুটি ও বাইকচালকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, অনেকেই নিয়মিত হেলমেট ছাড়া চলাচল করেন। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সবাইকে অবশ্যই হেলমেট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান তারা।
রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ
Reporter Name 






















