হাকিকুল ইসলাম খোকন ও মো. নাসির
বাপসনিউজ
দায়িত্ব পালনকালে গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে সংঘটিত এক বন্দুক হামলার সময় নিরাপত্তার দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম নিহত হন। ওই হামলায় আরও তিনজন প্রাণ হারান।
মৃত্যুর এক বছর পরও পরিবার, সহকর্মী এবং কমিউনিটির মানুষের কাছে দিদারুল ইসলামের স্মৃতি গভীরভাবে অম্লান রয়েছে। তার সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের এপ্রিলে এনওয়াইপিডির Police Memorial Day অনুষ্ঠানে তাকে মরণোত্তর Detective First Grade পদমর্যাদায় সম্মানিত করা হয়।
তার স্মৃতি সংরক্ষণে চলতি জুলাই মাসে ব্রঙ্কসে তার পরিবারের বসবাসের এলাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে “Detective Didarul Islam Way”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার স্ত্রী, তিন সন্তান, পরিবারের সদস্য, সহকর্মী, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা দিদারুল ইসলামের কর্মনিষ্ঠা, সাহসিকতা, মানবিক গুণাবলি এবং পরিবারের প্রতি তার দায়িত্ববোধের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার আত্মত্যাগ শুধু এনওয়াইপিডির ইতিহাসেই নয়, নিউইয়র্কের বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির কাছেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আত্মত্যাগ ও দেশসেবার আদর্শ তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
Reporter Name 


























