মোছাঃ নাছিমা খাতুন সুলতানা, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী গ্রামের রিপন হত্যা মামলার বাদী মো. স্বপন মিয়া ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দিবাগত রাত প্রায় ১টার দিকে জল্লী গ্রামের মৃত সঞ্জু মিয়ার ছেলে ও হত্যা মামলার বাদী মো. স্বপন মিয়া তার বাড়ির পাশের মনোহারি দোকানে ঘুমিয়ে ছিলেন। তার দাবি, একই গ্রামের হায়েছ মিয়ার ছেলে মো. শাহিন (৩০) তাকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে গিয়ে হত্যা মামলা আপস-মীমাংসার প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন।
স্বপন মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর হত্যা মামলার বাদী মো. স্বপন মিয়া কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে মো. শহিদ মিয়াসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং বাদীসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার সময় স্বপন মিয়ার চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
Reporter Name 























