মো. রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদরে আধুনিক যাত্রী ছাউনি পুনর্নির্মাণ, বাস বে, গণশৌচাগার, পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো।
বৃহস্পতিবার গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদর ও ব্যস্ততম ডাইংপাড়া মোড় দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও সেখানে পর্যাপ্ত যাত্রীসেবা অবকাঠামোর অভাব রয়েছে। ফলে যাত্রী ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্মারকলিপিতে পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—পূর্বে অপসারণ করা যাত্রী ছাউনির স্থানে দ্রুত আধুনিক ও টেকসই যাত্রী ছাউনি নির্মাণ, যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী বাস বে নির্মাণ, নারী-পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক গণশৌচাগার স্থাপন, আইনশৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ এবং পর্যাপ্ত এলইডি সড়কবাতি, আধুনিক বসার ব্যবস্থা, জেব্রা ক্রসিং ও স্থায়ী ডাস্টবিন স্থাপন।
স্মারকলিপি প্রদান শেষে ঐক্য পরিষদের নেতারা বলেন, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামো নির্মাণ সময়ের দাবি। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাদের সামাজিক আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্মারকলিপি গ্রহণ করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে ডাইংপাড়া মোড়সহ গোদাগাড়ী উপজেলা সদরের জাতীয় মহাসড়কে যাত্রীসেবা, নিরাপত্তা ও শৃঙ্খলা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
Reporter Name 























