
বান্দরবানের লংলেই পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত সৌরচালিত সুপেয় পানির পাম্প উদ্বোধন
অদ্য ০৬ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার, ১৪৩০ ঘটিকায় বান্দরবান রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল লংলেই পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত একটি সৌরচালিত সুপেয় পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, লংলেই পাড়ার বাসিন্দা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দুর্গম এলাকার জনগণের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে লংলেই পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট উল্লেখযোগ্যভাবে দূর হবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সৌরচালিত সুপেয় পানির পাম্পটি উদ্বোধনের ফলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, এ প্রকল্প তাদের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
Reporter Name 





















