
মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী এলাকায় সড়ক দখলের অভিযোগ ঘিরে সৃষ্ট বিতর্কে অবশেষে মুখ খুলেছেন স্থানীয় বিএনপি নেতা এলিন হোসেন। তিনি অভিযোগগুলোকে সরাসরি “ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র” বলে উড়িয়ে দিয়ে সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন।
এক বিশেষ সাক্ষাৎকারে এলিন হোসেন দৃঢ় কণ্ঠে বলেন, ত্রিমোহনী গুদারাঘাট থেকে টেকপাড়া পর্যন্ত কোথাও কোনো সরকারি সড়কের জমি দখল করা হয়নি। বরং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।এই রাস্তাটি মূলত স্থানীয় মানুষের হাঁটা ও রিকশা চলাচলের জন্য ব্যবহৃত হয়। এখানে কোনো ট্রাক, বাস বা ভারী যানবাহন চলাচল করে না। তাহলে বড় যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগটি সম্পূর্ণ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত।”
অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,“আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। সত্য উদঘাটিত হলে জনগণ বুঝতে পারবে কারা উন্নয়ন চায়, আর কারা ষড়যন্ত্রে লিপ্ত।”
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে এলিন হোসেন বলেন,“১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত রাজনীতির মাঠে আছি। বহু প্রতিকূলতা পেরিয়ে মানুষের পাশে থেকেছি। নীতি ও আদর্শ থেকে কখনো সরে যাইনি। আজ যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আমার এই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগকে ম্লান করতে চায়।”
এদিকে একই বিষয়ে ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেনও তীব্র প্রতিক্রিয়া বলেন,“এলিন ভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত। এটি আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায়। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা আসলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।”
সাক্ষাৎকার শেষে দুই নেতাই এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দিতে এবং সত্য যাচাই করে অবস্থান নেওয়ার জন্য।
Reporter Name 


















