নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর, তদন্তের দাবি
ফয়সাল রহমান জনি,
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এলজিইডির আওতাধীন একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা এলজিইডি কার্যালয়ের নজরদারির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে দায়সারাভাবে কাজ করছে।
জানা গেছে, উপজেলার মান্দুরা গেদার বাজার থেকে মান্দুরা বিলের মাথা পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বক্স কাটিং, বালু ভরাট এবং সাব-বেইজ তৈরিতে নিয়ম অনুযায়ী উপকরণ ব্যবহার করা হচ্ছে না। বিশেষ করে সাব-বেইজে খোয়ার পরিমাণ কম দিয়ে বালুর পরিমাণ বেশি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, এলজিইডির কর্মকর্তাদের উপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এলজিইডি কর্মকর্তারা বলছেন, কাজের মান যাচাইয়ে ল্যাব টেস্ট করা হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “ল্যাব টেস্টের কথা বলে জনগণের সঙ্গে যেন তামাশা করা না হয়। আমরা ভালো মানের রাস্তা চাই। নিম্নমানের উপকরণ ব্যবহার করলে অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যাবে।”
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে বালু ও খোয়ার স্তূপ রাখা হয়েছে। রাস্তার শেষ প্রান্তে শ্রমিকরা বালু ও খোয়া মিশিয়ে সাব-বেইজের কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, মিশ্রণে খোয়ার তুলনায় বালুর পরিমাণ বেশি রাখা হচ্ছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকৌশলী হেলাল বলেন, “আগামীকাল সাইট পরিদর্শনে যাব। কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রাখা জরুরি। প্রথম শ্রেণির খোয়া ও মানসম্মত উপকরণ ব্যবহারের কথা থাকলেও তা মানা হচ্ছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Reporter Name 
























