সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নারীর ক্ষমতায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, কর্মসংস্থান এবং বৃত্তিমূলক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ‘নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ড’-এর আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” প্রকল্পের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং সহকারী কমিশনার সাকিবুর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি তাঁদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উত্থাপিত সুপারিশগুলো নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চার ও প্রকল্প সমন্বয়ক ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিকতা–ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর তৃপ্তি দে, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
উল্লেখ্য, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমর্থনে জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
Reporter Name 






















