
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধীদলের প্রায় ৯০ জন এমপি ‘কান্নাকাটি’ করছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
তার বক্তব্য অনুযায়ী, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলের একাধিক সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এতে মন্ত্রীকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, সংসদে বিএনপির আরও এমপি যদি সালাউদ্দিন আহমদের মতো বক্তব্য দিতে শুরু করেন, তাহলে বিরোধীদলের সদস্যরা হয়তো বলবেন—‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’
‘ছায়া মন্ত্রিসভার গরমে আক্রমণ’
জামায়াতে ইসলামীর আমিরের সংসদে যোগ দেওয়ার বিষয়টিও নিজের বক্তব্যে তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জামায়াতের আমির সংসদে যোগ দিয়েছেন।
রাশেদ খাঁনের ভাষায়, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অ্যাটাক শুরু করেছে।’
তিনি আরও দাবি করেন, বিরোধীদলের সদস্যরা একযোগে দাঁড়িয়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। বিপরীতে সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় ‘ভদ্রতা’ দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
‘অযৌক্তিক কথা হলেও বলতে দিন’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, বিরোধীদলীয় এমপিদের সঙ্গে অতিরিক্ত যুক্তিতর্কে না গিয়ে তাদের কথা বলতে দেওয়া উচিত।
তিনি বলেন, তাদের বক্তব্যের কিছু অংশ অযৌক্তিক মনে হলেও কথা বলতে দিতে হবে। তার মতে, বলতে বলতেই বিরোধীদলীয় সদস্যরা একসময় শিখবেন।
রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ
বিরোধীদলের সংসদ সদস্যদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
তিনি বলেন, বিরোধীদলীয় এমপিরা এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি’, তাই তার সঙ্গে হালকা যুক্তি বা তর্কে যাওয়ার সক্ষমতাও তাদের হয়নি।
রাশেদ খাঁন আরও বলেন, সরকারি দলের এমপিরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় সংসদে হৈচৈ করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
Reporter Name 






















