ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাংবাদিক মোস্তাহার আলম লেবু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক রায়হান পারভেজ নয়ন।
এছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম সোহাগ খানকে দপ্তর সম্পাদক, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাককে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার সাংবাদিক মাসুদ রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক আল-আমিন ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেন।
ডিমলা রিপোর্টার্স ইউনিটি সংগঠনটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনাময় বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে নতুন কমিটি কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, “ডিমলা রিপোর্টার্স ইউনিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।” তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক সংবাদগুলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
Reporter Name 
























