মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে কয়েক বছর যাবত যেখানে ছিল পৌরসভার ময়লা, আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ, সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে আকর্ষণীয় রাস্তার বাগানে। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র।
দীর্ঘ বছর ধরে ওই এলাকা ও পথচারীদের জন্য ছিল ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পরিবহনে চলাচলও ছিল ভীষণ অতিষ্ঠ। জনবসতি এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়কের দুই পাশে ফেলানো ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হয়েছিল জনস্বাস্থ্যের জন্য চলাচলের নানা সমস্যা। দীর্ঘ বছরের এই ভোগান্তি থেকে মুক্তির জন্য সর্বস্তরের জনসাধারণের ছিল জোর দাবি।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের উদ্যোগে অবশেষে সেই ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম যৌথভাবে বাস্তবায়িত এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকত, সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ। ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন ওই স্থানটি হয়ে উঠেছে পর্যটনকেন্দ্রের মতো সৌন্দর্য ও আকর্ষণীয় পরিবেশবান্ধব রাস্তা।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং বাস্তবায়ন করেন। বানিয়াদি ডিসি রোডের এই ময়লার ভাগাড় অপসারণ ও বাগান তৈরির উদ্যোগ জনবান্ধব ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
একজন সরকারি অফিসারের ইচ্ছা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি এলাকার চিত্র কতটা বদলে দেওয়া সম্ভব, তারই বাস্তব উদাহরণ এটি। ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরি করা সম্ভব হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের একটি পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করতে পারে। শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের এই উদ্যোগ বলে দেয়, সদিচ্ছা ও আন্তরিক নেতৃত্ব থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।
Reporter Name 
























