মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার গ্রামের একটি খাড়িতে গোসল করতে যান দম্পতি। প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে পানির ওপরে না দেখে স্ত্রী সুমাইয়া আক্তারও তাকে উদ্ধারের উদ্দেশ্যে পানিতে নামেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Reporter Name 























