সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১১টায় “Anti Child Marriage Campaign–2026” উদযাপন করা হয়েছে।
একশন এইড বাংলাদেশ-এর সহায়তায় এবং এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় ভার্ড (VARD) কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— “মেয়ের বয়স ১৮ এবং ছেলের বয়স ২১-এর নিচে বিয়ে নয় (No Child Marriage)”, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, পোস্টার উপস্থাপন, লিফলেট বিতরণ এবং বাল্যবিবাহবিরোধী লাল কার্ড প্রদর্শন করা হয়। এতে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং প্রচলিত সরকারি আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম, কাজি, স্পন্সর, চাইল্ড ফোরাম শিশু, সিজেজি, ইয়ুথ সার্কেল এবং নারী উন্নয়ন ফেডারেশন সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট দক্ষিণ নারী উন্নয়ন ফেডারেশনের সদস্য সাহানা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা অসীম চক্রবর্তী আদিত্য, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলমগীর হোসেন ও ফাইজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখার লক্ষ্যে ২০ জন কিশোরী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১০ জনকে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য জনপ্রতি ১,৫০০ টাকা এবং আরও ১০ জনকে নকশিকাঁথা তৈরির জন্য জনপ্রতি ৫,০০০ টাকা করে নগদ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চাইল্ড ফোরাম ও সিজেজি সদস্য জবা আক্তার ও আলামিন। সার্বিক সহযোগিতা করেন এলআরপি-৪৩ প্রকল্পের ভার্ড-এর প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম।
Reporter Name 



























