
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় বিধবা মিলন রাণী দাসের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের দুরবস্থার খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে মিলন রাণী দাসের বাড়িতে যান এবং তার খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ঘরে বসবাস করা মিলন রাণী দাস প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা প্রশাসনের দেওয়া ঢেউটিন এবং এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত তার বসতঘরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা তাদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
Reporter Name 
























