এস এম জহিরুল ইসলাম,
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘কেটে টুকরো করে ফেলব’—এমন হুমকি এবং দলবল নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে ঘিরে। ব্যবসায়ী মো. আলামিনের অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শাহাদাত হোসেনের ইন্ধন ও সহযোগিতায় সাইফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কয়েক দিন আগে শাহাদাত দলবল নিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ারও চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আলামিন। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়ে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আলামিন ‘আমিন ফিড’-এর ব্যবস্থাপনা পরিচালক।
আলামিনের অভিযোগ, তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে শাহাদাত হোসেন গত ২৬ ও ২৭ আগস্ট দুই দফায় মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে হেড অফিসে জমা দেননি। পরে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৮ আগস্ট শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
আলামিন আরও দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিষয়টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলামিন বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম বিশুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Reporter Name 
























