কচুয়াকাঠী সেতুর নির্মাণকাজে দূর হলো বাধা
মো. হাবিবুর রহমান,
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণকাজে থাকা প্রতিবন্ধকতা দূর হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সওজের পিরোজপুর উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো. আল-আমিন ও উপসহকারী প্রকৌশলী মো. শামীম উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।
অভিযানে কাউখালী থানা পুলিশ, পিরোজপুর ও কাউখালী সড়ক বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা এবং পিরোজপুর ও কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়-বানারীপাড়া-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০০৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সওজের সরকারি জমিতে টিনশেড ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে দখলে রাখা হয়েছিল। স্থাপনাটির মালিক আবু জাফর মো. আবদুল হক।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসান জানান, সওজ বিভাগ ও স্থাপনা মালিকের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াই ও মামলা নিষ্পত্তির পর আদালতের রায়ে সংশ্লিষ্ট জমিটি সওজের মালিকানাধীন বলে প্রমাণিত হয়। পরে গত ৮ সেপ্টেম্বর ‘অতীব জরুরি’ নোটিশ দিয়ে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরানো হয়নি।
এর পরিপ্রেক্ষিতে মহাসড়ক আইন, ২০২১ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, কচুয়াকাঠীতে পুরোনো বেইলি সেতুর স্থলে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অবৈধ স্থাপনার কারণে সেতু নির্মাণকাজে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা দূর হয়েছে। ফলে সেতুটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী জানান, নতুন পিসি গার্ডার সেতু নির্মিত হলে কাউখালীসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি যানবাহন চলাচলে নিরাপত্তা বৃদ্ধি এবং জনসাধারণের দুর্ভোগ কমবে বলে তাঁরা আশা করছেন।
Reporter Name 






















