
শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. পিয়ার আলী গাজী (৫৫) কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান পিয়ার আলী গাজী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অনুসন্ধানী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ জেলের অবস্থান শনাক্ত করতে পারেনি।
নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যদের আশঙ্কা, তিনি নদীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। পিয়ার আলী গাজীর পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে তার ছেলে আব্দুস সবুরের মোবাইল নম্বর ০১৭৯৩-৬৩৯৩৮০-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Reporter Name 



















