
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ভেতরের মালামাল বের করা সম্ভব হয়নি।
কলোনির মালিক আলমগীর হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে আসবাবপত্র, আলমারি, খাট, শোকেস, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন জিনিস রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
Reporter Name 




























