শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধে এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















