আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পুরাতন স্থানে ফিরিয়ে নেওয়ার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের নিজস্ব পুরাতন ভবন থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলীর ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে স্থানান্তরের কারণে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষকে বিভিন্ন সরকারি সেবা নিতে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।
তাঁরা আরও জানান, ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পেলে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনো দূর-দূরান্ত থেকে গিয়ে দিনভর অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা থাকলেও ভবন দূরে স্থানান্তরের কারণে স্থানীয়দের সময় ও অর্থ—দুটিই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।
সমাবেশ থেকে জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবনে পুনরায় স্থানান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে পুরাতন ভবনটি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
স্থানীয়দের দাবি, পুরাতন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুনরায় চালু করা হলে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং তাঁরা সহজে সরকারি সেবা নিতে পারবেন।
Reporter Name 
























