রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন আলী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর উত্তরপাড়ার ওমেদুল ইসলাম ওরফে ওমেদুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ সিএনজি স্ট্যান্ড এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। সন্দেহভাজন সুজন সেখানে পৌঁছালে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক এনে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. আজমল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই ওবায়েদুর রহমান, এসআই রাশিদুল হাসান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই রাশিদুল ইসলাম ও কনস্টেবল আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে ওসি মো. আজমল হুদা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কুষ্টিয়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Reporter Name 



























