স্টাফ রিপোর্টার:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মিজানুর শেখ ওরফে ‘কেটু মিজান’-এর সাম্প্রতিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি-ধমকি স্থানীয় জনমনে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
আদালত প্রাঙ্গণে তার আপত্তিকর মন্তব্য এবং আত্মবিশ্বাসী ভঙ্গি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জনমনে শঙ্কা দেখা দিয়েছে যে, সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েও তার এমন বেপরোয়া আচরণের পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না।
স্থানীয়দের অভিযোগ, অতীতেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে অপরাধীরা পার পেয়ে যাওয়ার নজির রয়েছে। এ কারণে বিচারহীনতার সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে।
গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানে সাংবাদিক, শিক্ষক ও সাধারণ শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর মতে, অপরাধী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সাক্ষী-প্রমাণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভীতি প্রদর্শন রোধে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট মহল মনে করছে, রাষ্ট্রকে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, বরং জনগণের আস্থা পুনঃস্থাপনে আরও শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। কেবল কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
এই স্পর্শকাতর পরিস্থিতিতে রাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
Reporter Name 



























