দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে থাকা বগুড়া শহরের গোহাইল রোডে অবশেষে স্বস্তির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আপাতত জরুরি সংস্কারকাজের মাধ্যমে সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।
বছরের পর বছর সংস্কার না হওয়ায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিদিন হাজারো পথচারী, যাত্রী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জনদুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে ফেলা এবং রোলার দিয়ে রাস্তা সমতল করার কাজ শুরু হয়েছে। এই সংস্কারের ফলে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, প্রশাসকের নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে জরুরি ভিত্তিতে এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে। স্থায়ী উন্নয়নকাজ শুরুর আগ পর্যন্ত এই উদ্যোগ চলাচলে কিছুটা স্বস্তি এনে দেবে।
স্থানীয় সূত্র জানায়, গত বছর গোহাইল রোডের স্থায়ী উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরে বাতিল হয়ে যায়। তবে চলতি বছর নতুন করে আবারও টেন্ডার আহ্বান করা হয়েছে।
নতুন প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত এবং দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন করা হবে। এছাড়া সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশে ৮ ইঞ্চি পুরু সিসি (কংক্রিট) ঢালাই নির্মাণের পরিকল্পনা রয়েছে।
দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের গোহাইল রোডের দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।
Reporter Name 






















