হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কার্যালয়ে হামলা এবং দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির (বিজিপি) সভাপতি এম এ আলীম সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার জাসদের কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
এম এ আলীম সরকার বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক অধিকার হরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করার প্রবণতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতপ্রকাশের অধিকার, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের স্বাধীনতা দমন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ভিন্নমত দমন না করে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এম এ আলীম সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে হামলা ও গ্রেপ্তারের প্রবণতা বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
Reporter Name 




























