মহিষকুণ্ডুর ভাড়াবাড়িতে অভিযান, অস্ত্র আইনে মামলা
মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার আসামি মো. আবু সাইদ (৩৫) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আবু সাইদকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবু সাইদ হরিণাকুণ্ডু থানার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবু সাইদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার পর আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Reporter Name 



























