ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি সার্বিকভাবে পণ্যের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করা, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সাপ্লাই চেইনে নজরদারি বাড়ানো হয়েছে
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা—পণ্যের সরবরাহব্যবস্থার প্রতিটি পর্যায়ে মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
সরবরাহে বিঘ্ন হলে দ্রুত ব্যবস্থা
সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত দেখা দিলে তা দ্রুত দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি টিসিবির ভর্তুকিমূল্যের পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাজারমূল্যের চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
Reporter Name 






















