
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার জব্দ করা হয়।
পরে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে আরও একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ২৩ বস্তা সার উদ্ধার করে।
দুই অভিযানে মোট ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, জব্দকৃত সার ও নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 






















