শফিকুল ইসলাম শফিক,
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ইছামারী আর.সি. স্কুল মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং মধ্যনগর উপজেলা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮ জনকে সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের মোট ৭৮ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বিতরণকালে ইউএনও (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সরকারের এই সহায়তা তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। আমি সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করবে এবং পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
Reporter Name 



















