বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 
























