স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে, আবার কোথাও শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয় থেকে অস্থায়ীভাবে শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিপরীতে যোগাযোগব্যবস্থা ভালো ও সুবিধাজনক এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষকসংখ্যা তুলনামূলকভাবে পূর্ণ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বদলির সুযোগ এলেই অনেক শিক্ষক দুর্গম এলাকার বিদ্যালয় থেকে সুবিধাজনক স্থানে চলে যাওয়ায় সংকট আরও প্রকট হচ্ছে। ফলে হাওরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষক বদলি হওয়ার পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য দুটি বিদ্যালয়ের দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দুজন শিক্ষকই সুবিধাজনক স্থানে বদলির আদেশ পেয়েছেন।
অন্যদিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর, মন্দিয়াতা, জয়পুর, বাঁশতলা ও মনভোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়; দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উক্তিয়ারগাঁও, কলাপাড়া ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন করে শিক্ষক কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় তাহিরপুর উপজেলার ৪৯ জন শিক্ষক জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। আগামী রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের পদায়নের আদেশ জারি হতে পারে বলে জানা গেছে।
১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য
মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, তাঁর বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট পাঁচটি পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদটি ১২ বছর ধরে শূন্য। বাড়ি কাছাকাছি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, অনেক সময় বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক থাকেন না। তখন তাঁকেই একাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান করতে হয়। মাঝেমধ্যে কাউকে পোস্টিং বা ডেপুটেশনে দেওয়া হলেও কোনো না কোনোভাবে তাঁরাও বদলি হয়ে যান। বর্তমানে বিদ্যালয়ে থাকা শিক্ষকও বদলির আদেশ পেয়েছেন। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন।
শিক্ষক না থাকায় কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি
শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সরকার ও মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার।
প্রীতম সরকার বলেন, শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকায় উপজেলা শিক্ষা অফিসার তাঁদের দুজনকে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। তাঁরা দুজন সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছে। বিদ্যালয়টি সচল রাখতে দ্রুত শিক্ষক প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, দুর্গম এলাকার বিদ্যালয় থেকে শিক্ষকরা বদলি হয়ে সুবিধাজনক বিদ্যালয়ে চলে যাওয়ায় ওই এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, হাওরাঞ্চলের শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান পদায়নকৃত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দুর্গম এলাকার বিদ্যালয়ে নিয়োগ দেওয়া প্রয়োজন। দুর্গম এলাকায় নিয়োগ পেলেও ভালো যোগাযোগব্যবস্থার বিদ্যালয়ে বদলি হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। এমন অনেক বিদ্যালয় রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষক কর্মরত আছেন।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে দুর্গম এলাকার শিক্ষকরা যাতে সেখানে থাকতে পারেন, সে জন্য তাঁদের সুযোগ-সুবিধা, বিশেষ করে যাতায়াত, আবাসন ও হাওর ভাতার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। হাওরপাড়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে ছাত্র-শিক্ষক উভয়কে হাওর রেশনিংয়ের আওতায় আনা জরুরি।
আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা ও সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের পদায়ন করা উচিত।
শূন্য বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, উপজেলায় যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে জেলা শিক্ষা অফিসে চাহিদা পাঠানো হয়েছে। পরবর্তী বিষয়টি জেলা শিক্ষা অফিস বিবেচনা করবে।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল বলেন, সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি কমিটির মাধ্যমে করা হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
Reporter Name 
























