স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের স্থানীয় একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষের প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গপথ দিয়ে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০-১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গপথে চোরাই কয়লা আনতে ভারতের কয়লার গুহায় যায়। এ সময় কয়লার বস্তা নিয়ে গুহার ভেতর থেকে বেরিয়ে আসার পথে হঠাৎ ওপর থেকে মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন।
পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন দুপুর ১টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 

























