উজানের ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ১৪ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার, অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে।
ইতোমধ্যে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবনের ঝুঁকিতে রয়েছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ করেছে। পরিস্থিতি একইভাবে অব্যাহত থাকলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে।
Reporter Name 
























