‘আবারও অভিভাবক হারিয়ে ভোর না হতেই দুয়ারে দুয়ারে ছুটি, ফোনের ওপাশ থেকে আর বলবে না কেউ—রবিউল এখন কোথায়?’
কালীগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৃঢ়চেতা ব্যক্তিত্ব ও ‘রাখাল রাজা’ নামে খ্যাত সাতক্ষীরা তথা খুলনা বিভাগের সাংবাদিকতার কিংবদন্তি প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কালীগঞ্জ পত্রিকা পরিবেশক কমিটি।
এক শোকবার্তায় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আবারও অভিভাবক হারিয়ে ভোর না হতেই মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যাই দৈনিক দৃষ্টিপাত পত্রিকা নিয়ে। প্রতিদিন নতুন নতুন সব খবর নিয়ে হাজির হলেও বুকের ভেতর শূন্যতা রয়ে যাচ্ছে। কেউ আর কোনোদিন বলবে না—‘রবিউল, তোমার স্যার ফোন দিতে বলছে।’ ফোনের ওপাশ থেকে আর বলবে না কেউ—‘রবিউল এখন কোথায়?’”
তিনি আরও বলেন, “১৯৮৮ সালের দিনটি ভালো করে মনে নেই। পয়লা ফাল্গুন আমি আমার পিতার স্নেহ থেকে চিরদিনের জন্য বঞ্চিত হই। এরপর ২০০৭ সালের ৪ এপ্রিল দৃষ্টিপাত পরিবারের সদস্য হই। সেই থেকে বিপদে-আপদে পাশে পেয়েছি তাঁকে। আবার ভুল করলে কখনো শুধরে দিয়েছেন, শাসনও করেছেন ঠিক একজন অভিভাবকের মতো।”
রবিউল ইসলাম বলেন, “তাই বুকের ভেতরে গভীর শূন্যতা নিয়ে আজ অনুভব করছি, যেন আবারও একজন অভিভাবককে হারালাম।”
শোকবার্তায় কালীগঞ্জ পত্রিকা পরিবেশক কমিটির নেতৃবৃন্দ মরহুম জিএম নুর ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোক বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন—কালীগঞ্জ পত্রিকা পরিবেশক কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সহ-সভাপতি ভগীরথ ঘোষ, সহ-সভাপতি আজগার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আয়ুব, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সোবহান এবং সদস্য আজম খান, আমিরুল ইসলাম, আজীবর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ কেরামত আলী, মোহাম্মদ নাহিদ হোসেন ও আবু শাহেদ প্রমুখ।
শেখ শরিফুল ইসলাম,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি 






















