
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী।
সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া।
লিখিত বক্তব্যে খোকন মিয়া দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু কিনে ব্যবসা করে আসছেন। গত ২ আগস্ট বিকেলে নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও সংলগ্ন সোনালী চেলা নদীতে স্থানীয় একটি পক্ষ তার কাছে চাঁদা দাবি করে।
তিনি অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা বলে দাবি করেন খোকন মিয়া।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তদের গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া টাকা ও নৌকা উদ্ধারের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
তবে অভিযুক্ত ও স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরকারি নীতিমালা অমান্য করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় নৌকাগুলো আটক করা হয়েছিল। সোমবার নৌ পুলিশ এসব নৌকা উদ্ধার করেছে বলেও তারা জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নৌ পুলিশও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Reporter Name 





















