হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :
আগামী শনিবার, ২৩ মে ২০২৬ থেকে নিউইয়র্কের নোলান পার্ক, গভর্নরস আইল্যান্ডে শুরু হতে যাচ্ছে বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম আয়োজিত সম্মিলিত চিত্রপ্রদর্শনী “রিভার মিট হারবার”। প্রদর্শনীটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিল্পী কায়সার কামাল। খবর: আইবিএন নিউজ।
প্রদর্শনীটি চলবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। সর্বস্তরের দর্শনার্থীদের জন্য প্রতি সপ্তাহের শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত শীর্ষস্থানীয় ৪৩ জন শিল্পীর অংশগ্রহণে এ আয়োজনে স্থান পাবে নানা ধরণের শিল্পকর্ম ও সৃজনশীল উপস্থাপনা। চিত্রকর্মের পাশাপাশি শিল্পভাবনা, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সমন্বয় ঘটবে এ প্রদর্শনীতে।
নিউইয়র্ক স্টেটের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে সুপরিচিত গভর্নরস আইল্যান্ডের বিশেষ এই ভবনটি মূলত বিশ্বপর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ আর্ট গ্যালারি হিসেবে পরিচিত। বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের দীর্ঘদিনের শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে সেখানে বিভিন্ন শিল্প ও সংস্কৃতিভিত্তিক আয়োজন পরিচালনার জন্য লিজ প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি-আমেরিকান শিল্পীদের নিরলস সাধনা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক অবদানের এক অনন্য স্বীকৃতি হিসেবে এ উদ্যোগকে দেখা হচ্ছে। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার শিল্পরসিক বাঙালিদের জন্য এটি বাংলা সংস্কৃতির চেতনা-জাগানিয়া এক উজ্জ্বল আয়োজন।
বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী সকলকে প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, এ আয়োজনে বিভিন্ন শিল্পীর রেসিডেন্সি কার্যক্রমেরও সমন্বয় থাকবে।
Reporter Name 




























