সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের জালধরা বিলে ইজারাদারদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, নির্ধারিত সীমানার বাইরে জলমহাল ব্যবহারের অভিযোগ এবং স্থানীয়দের জলাশয় ব্যবহারে বাধা দেওয়ার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বাদশাগঞ্জে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ইজারাদাররা নির্ধারিত ইজারা সীমানা অতিক্রম করে আশপাশের খাসজমি এবং স্থানীয়দের ব্যক্তিমালিকানাধীন ও সাধারণ ব্যবহারের জলাশয়ে প্রভাব বিস্তার করে জাল বসাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, এতে গ্রামবাসীর জীবিকা ও দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি হচ্ছে। গৃহস্থালি কাজ, গবাদিপশুর পানি পান করানো এবং মাছ ধরাসহ বিভিন্ন কাজে স্থানীয়দের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে তাঁরা দাবি করেন।
ইজারাদারদের কথিত ক্ষমতার অপব্যবহার ও হয়রানির প্রতিবাদে সভায় উপস্থিত লোকজন একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সভা থেকে দ্রুত ইজারা সীমানা পুনর্নির্ধারণ, খাস জলাশয় দখলমুক্ত করা এবং স্থানীয়দের জলাশয় ব্যবহারে কথিত বাধা ও হস্তক্ষেপ বন্ধে উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। একই সঙ্গে স্থানীয়দের বিরুদ্ধে হয়রানিমূলক বা মিথ্যা মামলা করা হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, মাটিকাটা ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিক মিয়া, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির ও ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী।
এ সময় সেলবরষ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তবে ইজারাদারদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ইজারা সীমানা-সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তে নিশ্চিত হওয়ার বিষয়।
Reporter Name 






















