সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান:
ময়মনসিংহের ধৌবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় ভুক্তভোগী কাজী বর গংরা জমি উদ্ধার ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
সূত্রে জানা যায়, উপজেলার রানীপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মো. রজব আলী নিজ প্রয়োজনে ১৯৭৯ সালের ২৩ মার্চ একই এলাকার মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুল জব্বারের কাছে ৬৪ শতাংশ জমি বিক্রি করেন। সাফ-কাওলা মূলে সম্পাদিত ওই দলিলের নম্বর ৫২১৯ এবং দাগ নম্বর ১৩৬।
অভিযোগ রয়েছে, জমি বিক্রির পর আব্দুল জব্বারকে অন্য একটি ক্ষেত বুঝিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছিলেন। একপর্যায়ে তারই ভাই ওই জমি দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, পূর্বের মালিক মো. রজব আলী পরবর্তীতে একই জমি মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মস্ত মিয়ার কাছে বিক্রি করে দলিল করে দেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পরে মো. মস্ত মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ও বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করে আব্দুল জব্বার গংদের চাষাবাদ করা ধান কেটে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা সরেজমিনে গেলে স্থানীয় গ্রামবাসী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয়রা একই ব্যক্তির মাধ্যমে একই দাগের জমি দুই জায়গায় বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি বলে স্থানীয়রা জানান।
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মৃত আব্দুল জব্বার গংদের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে বিরোধপূর্ণ জমির বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Reporter Name 
























