কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফজলুল হক মিলন বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা রয়েছে।”
তিনি বলেন, নতুন প্রজন্মকে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানাতে হবে। সমাজ থেকে বৈষম্য, অন্যায় ও অসহিষ্ণুতা দূর করতে নজরুলের মানবতাবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নজরুলের সাহিত্যচর্চা ও জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার এবং সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল পেরেরা সিএসসি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর লেখনীর মাধ্যমে আজীবন সংগ্রাম করেছেন। একই সঙ্গে মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন।”
তিনি আরও বলেন, নজরুলের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা ও গান শুধু আনন্দ দেয় না; অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতেও শিক্ষা দেয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে।
Reporter Name 






















