
নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতের দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) সাকিব শেখ তার স্ত্রী চাঁদনীকে নিয়ে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। পারিবারিক কলহের জেরে আগেও তাদের মধ্যে বিরোধ ছিল বলে জানা যায়।
ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও পুলিশের সন্দেহ হলে তদন্ত শুরু হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বামী সাকিব শেখ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদের পর আসামির বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 





















