
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) এর মাধ্যমে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানার বিভিন্ন এলাকা থেকে হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করেন।
এরই ধারাবাহিকতায় মে মাসে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১,০০০ টাকা। মঙ্গলবার (৩০ জুন) সকালে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, এসব হারানো জিনিস ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। পুলিশের এই উদ্যোগ তাদের আস্থা ফিরিয়ে এনেছে বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভুক্তভোগীরা আরও জানান, হারানোর পর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করার পরই এসব উদ্ধার কার্যক্রম সফল হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, সিসিআইসি’র অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ও সদস্যবৃন্দ।
Reporter Name 











