
শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি*
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা গ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিসৌধটি এখন তীব্র নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। স্মৃতিসৌধটি রক্ষায় দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণের পাশাপাশি সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সৌধের খুব কাছ দিয়ে বয়ে যাওয়া নদীর তীব্র স্রোতে তীর ভেঙে যাচ্ছে। বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে যে কোনো সময় স্মৃতিসৌধটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক এই স্মৃতিসৌধ। এটি শুধু মধ্যনগরের নয়, এটি একটি জাতীয় সম্পদ। অথচ নদী ভাঙন ও অবহেলার কারণে আজ এটি ধ্বংসের মুখে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে স্মৃতিসৌধের চারপাশে স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হোক।”

তিনি আরও বলেন, “স্মৃতিসৌধটির সৌন্দর্য রক্ষা ও সার্বক্ষণিক দেখভালের জন্য সরকারিভাবে লোকবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে হবে।”
সরেজমিনে উপস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, স্মৃতিসৌধটি ঝুঁকির মধ্যে আছে। যেহেতু এটি সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সুনামগঞ্জ জেলা প্রশাসনের। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ জানাই, তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে এই জাতীয় সম্পদটি রক্ষা করুন। অন্যথায় একদিন এই স্মৃতি নদীগর্ভে হারিয়ে যাবে।”
স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 




















