
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া শিবপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৯ জুন ২০২৬) দুপুরে তিনি শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন ভবনের অফিস কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং শিবপুর মডেল থানা পরিদর্শন করেন।
পরবর্তীতে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সময়মতো অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও তিনি নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, সহকারী প্রকৌশলী মো. আব্দুল বাছেদ, প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন আহমেদ ও রওনক জাহান রনি, প্রধান সরকারি কাম হিসাবরক্ষক অনুপম দাস, সার্ভেয়ার আকতার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। তিনি শিবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানও পরিদর্শন করেন।
Reporter Name 












