মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় হাসনাবাদ ইউনিয়নের কান্দুরার হাট এলাকায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে এ ইন্টারেক্টিভ সেশন ও সংলাপের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাসনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম, আরডিআরএস এনজিওর মাঠকর্মী ফাতেমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা ও মায়া মনি মিষ্টিসহ অনেকে।
আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন বিষয় উঠে আসে।
সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।”
তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
Reporter Name 
























