কালিগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর অত্র মসজিদে ইসলামী গজল ও পবিত্র নাতে রাসুলের মাধ্যমে মাহফিলের শুভ সূচনা হয়।
মসজিদ কমিটি ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুর রহমান গাইন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে হাদিস ও কুরআনের আলোকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও সুমিষ্টভাষী বক্তা মাওলানা আমিনুদ্দিন নকশেবন্দী, পশ্চিমবঙ্গ, ভারত।
দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন গুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি মাওলানা মোঃ আব্দুল মান্নান। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওয়িজুর রহমান।
মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্য ও বাজারের ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমে মধ্যরাত পর্যন্ত আজিমুশশান ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে আলেমে দ্বীন, শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসুলের উপস্থিতি ছিল।
মাহফিলের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আমিনুদ্দিন নকশেবন্দী, পশ্চিমবঙ্গ, ভারত।
Reporter Name 























